Sylhet Today 24 PRINT

‘বখাটেরা ক্লাসে ঢুকেও বিরক্ত করে’

বড়লেখায় ইভটিজিং, মাদক, জঙ্গিবাদবিরোধী শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে অভিযোগ

বড়লেখা প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ ও নিরাপদ সড়ক বিষয়ক শিক্ষার্থী, অভিভাবক এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৯ নম্বর সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।

 সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমরুল ইসলাম লাল। এতে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য সায়েদুল মজিদ নিকুর সঞ্চালনায় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য দেন পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সারওয়ার আলম, নব নির্বাচিত বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিনুল হক, স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নছিব আলী, অধ্যক্ষ জহির উদ্দিন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, এলাকার সমাজসেবক ফখরুল ইসলাম সুনু, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ওমর উদ্দিন, গ্রন্থাগার শিক্ষক সাজারুল হক, সুজানগর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, অভিভাবক কাজী মাওলানা ফয়েজ আহমদ, নবম শ্রেণীর শিক্ষার্থী আবির আহমদ ও দশম শ্রেণীর ছাত্রী মাছুমা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল।  

সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবকদের কথায় উঠে আসে বিদ্যালয় এলাকায় বখাটেদের উত্ত্যক্তের বিষয়।

নবম শ্রেণীর শিক্ষার্থী আবির আহমদ ও দশম শ্রেণীর ছাত্রী মাছুমা আক্তার তাদের বক্তব্যে বলে, ‘আমাদের প্রতিষ্ঠানের মেয়েরা প্রতিদিন বখাটের দ্বারা হয়রানির শিক্ষার হচ্ছে। বখাটেরা ক্লাসে ঢুকে বিরক্ত করছে। শিক্ষক-শিক্ষার্থী তাদের কাছে জিম্মি। অনেক মেয়ে এদের ভয়ে স্কুলে আসা বন্ধ করেছে। আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমরা নিরাপদে স্কুলে ক্লাস করতে চাই। নিরাপদে বাড়ি ফিরতে চাই। বখাটে মুক্ত শিক্ষার পরিবেশ চাই।’

প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল তাঁর বক্তব্যে বলেন, ‘এটা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে এগিয়ে আসতে হবে। সচেতনতা গড়ে তুলতে হবে। বখাটেদের রুখতে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলেই বখাটেরা ভয় পাবে। নিজেদের গুটিয়ে নেবে। প্রতিবাদ না করলে তারা উৎসাহিত হয়ে যায়। বখাটেরা সাবধান হয়ে যান। এই বিদ্যালয়ে ইভটিজিং প্রতিরোধ বিষয়ে এটাই শেষ সভা। এরপর আর সভা হবে না। কেউ উত্ত্যক্তের শিকার হলে সরাসরি অভিযান চলবে। কঠোরভাবে তা দমন করা হবে।’ 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.