Sylhet Today 24 PRINT

পলিথিন ব্যবহারে পরিবেশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে: পরিবেশ মন্ত্রী

শাবি প্রতিনিধি |  ১২ এপ্রিল, ২০১৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘পলিথিনের ব্যবহারের ফলে আমাদের দেশ হুমকীর মুখে। ধীরে ধীরে আমাদের পরিবেশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এজন্য আমাদেরকে পরিবেশ রক্ষার্থে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে।’

শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্যবসায় প্রশাসন বিভাগের বিশ বছর পূর্তি ও পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ‘সম্প্রতি সরকার পলিথিন ব্যবহারের বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগের প্রচলন শুরু করতে যাচ্ছে। এজন্য নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার।’ তবে পরিবেশ রক্ষার্থে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষাগত দিক থেকে দেশকে এগিয়ে নিতেও সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিশ^বিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।’ এসময় শাবিপ্রবি’র আসন্ন ১২০০ কোটি টাকার প্রজেক্ট নিয়ে একনেক এ খুব শিঘ্রই আলোচনা করা হবে বলে জানান তিনি। পরে তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

সম্প্রতি ফেনীতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নুসরাতের সাথে যে ঘটনা তা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এই ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।’

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশনের সভাপতি তানভীর আহমেদ শাকিলের সভাপতিত্বে ও বিভাগের সাবেক শিক্ষার্থী ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য বলেন, ‘পথ চলার পর থেকে শিক্ষার মান ও অবকাঠামোসহ সার্বিক দিক দিয়ে যেভাবে বিশ^বিদ্যালয় এগিয়ে যাবার দরকার ছিল সেভাবে এগিয়ে যেতে পারে নি। তবে আমরা বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করছি। বিশ^বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে চলতি মাসের শেষের দিকে একনেক এ ১২শ কোটি টাকার প্রজেক্ট উঠবে।’ তবে এ প্রজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো নড়ে চড়ে বসছে বলেও মন্তব্য করেন উপাচার্য। তবে যাতে বিশ্ববিদ্যালয়ে কোন বিশৃঙ্খলা না হয় সে জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান উপাচার্য।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, স্কুল অব ম্যানেজম্যান্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের সাবেক ডিন অধ্যাপক ড. মো নজরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক  ড. মো. মনিরুল ইসলাম, অধ্যাপক ড. মো খায়রুল ইসলাম, অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, আল হারামাইন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এহসানুর রহমান, বারডেম হাসপাতালের সাবেক চিকিৎসক অধ্যাপক ডা. এম ফয়জুদ্দিন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক তানভীর আহমদ তরফদার ও এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশনের সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী। এছাড়া বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী নিজাম উদ্দিন আকন্দ এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে পুনর্মিলনীর সুভেনিয়র ‘গ্রাস রুট’ এর মোড়ক উন্মোচন, এলামনাই এসোসিয়েশনের  ওয়েবসাইট উদ্বোধন ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়। । এর আগে সকাল ১০ টায় শিক্ষাভবন-ই এর সামনে থেকে এ উপলক্ষে এক বর্নাঢ্য আনন্দ র‌্যালীর বের করা হয়। এতে বিভাগের শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

অন্যদিকে সন্ধ্যায় হ্যান্ডবল গ্রাউন্ডে কনসার্টের আয়োজন করা হয়েছে। এসময় কনসার্টে পারফর্ম করবেন দেশসেরা ব্যান্ড অর্থহীন । এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড রিম, নোঙর, বিভাগের নিজস্ব ব্যান্ড আনাড়ির পরিবেশনা থাকবেন বলে জানান এলামনাই এসোসিয়েশন অব বিজনেস এডমিনিস্ট্রেশনের সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী ।

তিনি আরো জানান, দ্বিতীয় দিন দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা, ফান প্রোগ্রাম, স্মৃতিচারণ ও বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। উক্ত আয়োজনে সহযোগীতায় রয়েছে প্রাণ আপ, আড়ং, আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.