Sylhet Today 24 PRINT

হত্যা মামলার আসামি শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শায়েস্তাগঞ্জ সংবাদদাতা |  ১০ আগস্ট, ২০১৫

আইয়ূব আলী হত্যা মামলার আসামি শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মো. ছালেক মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব। ছালেক মিয়া পৌরসভার তালুগড়াই গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে। তিনি এ মামলার ২নং আসামি।

পুলিশ সূত্র জানায়, সোমবার (১০ আগস্ট) ভোররাতে সিলেট র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ জংশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আইয়ূব আলী হত্যা মামলার ২নং আসামি শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মো. ছালেক মিয়াকে র‍্যাব গ্রেফতার করেছে। তাকে কোর্টে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ১৫ জুন সোমবার দিনগত রাতে পৌরসভার পূর্বলেঞ্জাপাড়ার জাহির মিয়া (২২) ও পূর্ব বড়চরের জুনাইদ মিয়ার (২০) মধ্যে পূর্ব বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের উভয়ের পক্ষ নিয়ে দুইদল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ ঘটনার জের ধরে প্রায় ১৫টি গ্রামের গ্রামবাসী দুইভাগে বিভক্ত হয়ে ১৭ জুন বুধবার ঘোষণা দিয়ে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়। এতে শতাধিক লোক আহত হয়। এরমধ্যে গুরুতর আহত আইয়ূব আলীর অবশেষে মারা যান। তিনি শায়েস্তাগঞ্জ পৌর এলাকার জগন্নাথপুরের বাসিন্দা সুন্দর আলীর ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই ইউনূছ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ২নং আসামি হন পৌর আওয়ামী লীগ সভাপতি মো. ছালেক মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.