Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পুলিশ দেখে পলায়ন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করছিলো একটি চক্র। মঙ্গলবার খবর পেয়ে গোলাপগঞ্জ ভূমি অফিস পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

স্থানীয় ও ভূমি অফিস সূত্রে জানা যায়, ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জের ফতেহপুর পশ্চিম পাড়া গ্রামস্থ কুশিয়ারা নদীর একটি চর থেকে গত কয়েকদিন ধরে একদল বালুখেকো চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ খবর পেয়ে মঙ্গলবার গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জীর নির্দেশে ভাদেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সুক্রিতি রঞ্জন দাশ কুশিয়ারা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ নিয়ে গেলে বালু উত্তোলন স্থলে যাওয়ার আগেই বালুখেকো চক্র পালিয়ে যায়।

সরেজমিন বিকেল ৩টায় বালু উত্তোলন স্থলে গেলে দেখা যায়, কয়েকজন লোক ট্রাক্টর লাগিকে মীরগঞ্জ ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের কুশিয়ারা নদীর তীর থেকে বালু উত্তোলন করছে। এসময় তারা সাংবাদিকদের আসার খবর বুঝতে পেরে ট্রাক্টর রেখে দৌড়ে পালিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী বালু উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বালু যেই উত্তোলন করুক অনুমতি বা ইজারা ছাড়া নদী থেকে বালু উত্তোলন বৈধ নয়। বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক ভাদেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তাকে একদল পুলিশের সহায়তায় সেখানে পাঠাই। কিন্তু পুলিশ আসার খবর বুঝতে পেরে তারা সরে যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রাহমান জানান, আমাকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় কয়েকজন লোক অবগত করলে আমি তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমিকে অবগত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। প্রয়োজন হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এদিকে গত একমাস আগে একই স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ভাদেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা সুক্রিতি রঞ্জন দাশ কুশিয়ারা পুলিশ ফাঁড়ির এসআই ফুলন দেবকে নিয়ে হাতেনাতে দুজন বালু উত্তোলনকারীকে ধরেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের মুচলেকা দিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.