Sylhet Today 24 PRINT

ছাতকে ছিনতাইকারীর কবলে স্ত্রীসহ ট্রাফিক সার্জেন্ট

ছাতক প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৯

ছাতকে ছিনতাইর শিকার হয়েছেন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট ও তার স্ত্রী। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে আড়াই লক্ষাধিক টাকা মুল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার (১৫এপ্রিল) বিকেলে ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিলের ১ম গেট সংলগ্ন সড়কে।

এ সময় ছিনতাইকারীদের সাথে ট্রাফিক সার্জনের ধস্তাধস্তির এক পর্যায়ে স্থানীয় জনতার সহযোগিতায় রাজিব আহমদ (১৯) নামের এক ছিনতাইকারীসহ তাদের ব্যবহৃত মোটরসাইকেল (নং-সিলেট ল-১১-৬৩৮১)টি আটক করা হয়।

রাজিব আহমদ নোয়ারাই ইউনিয়নের কুমারদানী-মোল্লাপাড়া গ্রামের গৌছ মিয়ার পুত্র। এ ঘটনায় সোমবার রাতে ছিনতাইর শিকার ট্রাফিক সার্জেন্ট নিকুঞ্জ দেবনাথ বাদী হয়ে ছিনতাইকারী রাজিব আহমদ ও তার সহযোগি শহরের বাঁশখলা গ্রামের রশিদ মিয়ার পুত্র জনি মিয়াকে আসামী করে ছাতক থানায় একটি মামলা(নং-১৭) দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, সোমবার বিকেলে একটি লাইটেস যোগে বেড়ানোর উদ্দেশ্যে স্ত্রী শিপ্রা রাণী নাথকে সাথে নিয়ে বাসা থেকে বের হন নিকুঞ্জ দেবনাথ। পেপার মিল সংলগ্ন রাস্তায় পৌছলে একটি মোটর সাইকেল যোগে এসে রাজিব ও জনি গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে ৪ ভরি ওজনের স্বর্ণের চেইন ও দেড় ভরি ওজনের একটি ভেইসলেট ছিনিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় রাজিব আহমদকে আটক করলেও অপর ছিনতাইকারী জনি মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।

ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.