Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৯

বানিয়াচংয়ের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে।

যৌন হয়রানির শিকার ছাত্রীর বাবা শাহাবুদ্দিন এর প্রতিকার চেয়ে বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পাশাপাশি অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের কাছে প্রদান করেছেন তিনি।

অভিযোগ থেকে জানা যায়, তার পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল আটটার দিকে অভিযুক্ত শিক্ষক মোজাম্মিল হোসেন খানের কাছে প্রাইভেট পড়তে যান। এসময় তার অন্য সহপাঠীরা প্রাইভেটে আসতে একটু দেরি করায় শিক্ষক মোজাম্মিল হোসেন খান তাকে একা পেয়ে তার স্পর্শকাতর জায়গায় হাত দেয়াসহ আরো বিভিন্ন ধরণের যৌন হয়রানি করেন। একপর্যায়ে ওই ছাত্রী ভয়ে বই খাতা ফেলে পাশের একটি বাড়িতে দৌড়ে গিয়ে আশ্রয় নেয়। পরে ছাত্রীর মা-বাবাকে খবর দিলে তারা তাৎক্ষনিক ওই বাড়িতে ছুটে আসেন। এসময় তাদের সবকিছু খুলে বলে ওই ছাত্রী।

অভিযোগে আরো উল্লেখ্য করা হয়- এই শিক্ষকের বিরুদ্ধে তার আগেও এরকম কয়েকটা অভিযোগ রয়েছে। যা তার সহপাঠীসহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অবগত।

এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ছাইফুল আলম জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার জানান, অভিযোগের অনুলিপি পেয়েছি।  বিষয়টি নিয়ে ডিপিইও'র সাথে কথা বলেছি। পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগেরও সত্যতা মিলেছে। তাকে সাময়িক বরখাস্ত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.