Sylhet Today 24 PRINT

ঘর থেকে বের হওয়ার সড়ক বন্ধ করে দেওয়াল, বিপাকে ১০ পরিবার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে ৪নং লেঙ্গুঁড়া ইউনিয়নের জাতুগ্রাম গ্রামের অসহায় ১০টি পরিবারের যাতায়াতের একমাত্র সড়ক বন্ধ করে দিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী চত্র। সড়ক বন্ধ করে পাকা দেয়াল নির্মাণ করেছে তারা। ফলে বিপাকে পড়েছেন ওই পরিবারগুলোর সদস্যরা।

বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের বই হাতে দেওয়াল টপকে বাড়ি থেকে বেরোতে হয়।

বিষয়টি মিমাংসায় অসহায় পরিবারগুলোর বসবাসরত দরিদ্র জনগণ স্থানীয় লেঙ্গুঁড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের স্মরণাপন্ন হলে ইউপি চেয়ারম্যানের ডাকে সাড়া দেয়নি প্রভাবশালী ঐ পরিবারের সদস্যরা। উপায়ান্তর না দেখে অবশেষে ভোক্তভোগী পরিবারের সদস্য আবুল কালাম বাদী হয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রদান করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, লেঙ্গুঁড়া ইউনিয়নের জাতুগ্রাম গ্রামের ছোয়াব আলী, ফয়ছল গংরা একই গ্রামের আবুল কালাম, হোসন আহমদ, সুলেমান, বশির উদ্দিন, কালাম, আতাউর রহমান, নিজাম উদ্দিনসহ ১০টি পরিবারের সদস্যদের যাতায়াতের জন্য ব্যবহৃত রাস্তাটি বন্ধ করে দেয়। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ করে সেখানে ইটের দেয়াল তৈরি করা হয়। এই সীমানা প্রাচীরের কারণে ভোক্তভোগী ১০টি পরিবারের বসবাসকারী শতাধিক মানুষজন অবরুদ্ধ হয়ে পড়েছে। মসজিদ, স্কুল, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দূর্ভোগের মাত্রা সবচেয়ে বেশী।

স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করে কোন সুরাহা হয়নি। অবশেষে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে এ ব্যাপারে  প্রতিকারে আইনি উদ্যোগ চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের স্মরণাপন্ন হয়েছেন।

১১ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দেয়া হলে বিষয়টি দ্রুত তদন্ত স্বাপেক্ষে আইনি উদ্যোগ নেওয়ার জন্য ইউএনও গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ বরাবরে পাঠিয়েছেন।

 এ ঘটনায় প্রতিকার চেয়ে অভিযোগকারী আবুল কালাম জানান, এই রাস্তাটি আমাদের যৌথ ইজমালি সম্পত্তি। কিন্তু কোন রকম পূর্ব অবহিত করা ছাড়াই পেশি শক্তি আর টাকার জোরে সন্ত্রাসীরা আমাদের যাতায়াত রক্ষাকারী রাস্তাটি ১৯ মার্চ তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। স্

সরেজমিনে দেখা যায় বিকল্প ব্যবস্থা না থাকায় রাস্তায় নির্মিত সীমানা প্রাচীর টপকে পেরােচ্ছ স্কুল, মাদ্রাসা, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার এএসআই এবং এ অভিযোগের তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, বিষয়টি নিষ্পত্তিকল্পে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। ভোক্তভোগীরা আসলেও অপর পক্ষ আসেনি। তবে অচিরেই আবার তাদের ডাকা হবে, না আসলে এ ব্যাপারে আইনি উদ্যোগ নেয়া হবে।


এ ব্যাপারে অভিযুক্ত ছোয়াব আলীর সাথে যোগাযোগে চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

বিষয়টির ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল জানান, কয়েকটি পরিবারের যাতায়াত রক্ষাকারী রাস্তা বন্ধ করে জনগণ এবং শিক্ষার্থী চলাচলের বিষয়ে অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছি।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.