Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আদালত প্রাঙ্গনে আসামীদের ছুরিকাঘাতে বাদী আহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গনে আসামী ও তার লোকজনের ছুরিকাঘাতে কাজল মিয়া (৪৫) নামে এক বাদী রক্তাক্ত জখম হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের উন্দাই মিয়ার পুত্র। বুধবার বিকেলে আদালত প্রাঙ্গণের ভেতরে এ ঘটনাটি ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, কাজল মিয়ার সাথে বিভিন্ন বিষয়াধি নিয়ে বিরোধ রয়েছে একই এলাকার সিদ্দিক আলীসহ তার লোকজনের। এনিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি মামলাও রয়েছে। কিছুদিন পুর্বে সিদ্দিক আলী ও তার লোকজন কাজল মিয়াকে একা পেয়ে মারধোর করে।

এনিয়ে সে আদালতে একটি মামলা দায়ের করে। বুধবার কাজল মিয়া তার মামলায় স্বাক্ষী দিতে আসলে আগে থেকে উৎ পেতে থাকা আসামী সিদ্দিক আলীসহ তার লোকজন আদালত প্রাঙ্গনের ভেতরেই কাজলকে ছুরিকাঘাত করে। পরে লোকজন সেখানে জড়ো হয়ে তাদের ধাওয়া দিলে আসামীরা পালিয়ে যায়।

এসআই আরো জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগের প্রেক্ষিতে আইনত ব্যবস্থা গ্রহন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.