কমলগঞ্জ প্রতিনিধি | ১৮ এপ্রিল, ২০১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের দিক দুমড়ে মুছড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টায় কমলগঞ্জ-শমশেরনগর সড়কের শমশেরনগর হাজী মোহাম্মদ উস্তওয়ার বালিকা বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
গাছের সাথে ধাক্কা খেয়ে বাসটি সড়কের উপর এলোপাতাড়িভাবে পড়ে থাকে। ফলে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে সিএনজি ফিলিং স্টেশন থেকে (রতন খান-৬) নামে একটি বাসে গ্যাস ভর্তি করে চালিয়ে আসছিল ওই বাসেরই চালকের সহকারী এক কিশোর। কমলগঞ্জ-শমশেরনগর সড়কের শমশেরনগর হাজী মোহাম্মদ উস্তওয়ার বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় আসার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশে একটি গাছে ধাক্কা লাগে।
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির আহমদ বলেন, ঘটনার পর থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার হেলপার কিশোর পালিয়েছে। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে মানুষজনের সহায়তায় বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।
তিনি আরও বলেন, ১৫ থেকে ১৬ বছর বয়সের এক কিশোর বাসটি চালাচ্ছিল। সে বাসটি নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলে সড়কের ধারের গাছে ধাক্কা লেগে বাসের সম্মুখভাগ দুমড়ে মুছড়ে যায়। ভাগ্য ভালো এ সময় বাসে কোন যাত্রী ছিল না। তাই হতাহতের কোন ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে বাসের চালক জমির মিয়া বলেন, ভোর বেলা সাধারণত বাসের হেলপার বাসে গ্যাস ভরে আনে। বাসের যান্ত্রিক ত্রæটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।