নিউজ ডেস্ক | ১১ আগস্ট, ২০১৫
সিলেটে সাত সন্তানের জননী মনোয়ারা বেগমের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার মোগলগাঁওয়ের মনফর আলীর স্ত্রী।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাড়ির পেছনের একটি গাছের ডালে গলায় শাড়ির আঁচল পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, দুই ছেলে ও পাঁচ মেয়ের জননী মনোয়ারা বেগমের মরদেহ সকালে গাছের ডালে ঝুলতে দেখে তারা জালালাবাদ থানায় খবর দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মরদেহের সুরতহাল প্রস্তুতকারী জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দেব জানান, বাড়ির পেছনের একটি গাছে মনোয়ারার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।