Sylhet Today 24 PRINT

শাল্লায় মাল বোঝাই বাল্কহেডে আগুন

জামালগঞ্জ প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০১৯

সুনামগঞ্জের শাল্লায় গ্যাস সিলিন্ডারের আগুনে ব্যবসায়ীদের কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ৫টায় শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের মামুদনগর বাজারের নদীঘাটে ব্যবসায়ীদের মালামাল বহনকারী ৩ হাজার মণের একটি স্টিলের বাল্কহেডে এই আগুন লাগে।

গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এ সময় নৌকার লোকজন নদীতে ঝাঁপিয়ে পাড়ে রক্ষা পায়।

জানা যায়, আগুনে পুড়ে যাওয়া বাল্কহেড দিয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে দিরাই, শ্যামারচর, মামুদনগর, কৃষ্ণপুর বাজারের ব্যবসায়ীরা মালামাল ক্রয় করে নিয়ে আসছিলেন। নৌপথে হঠাৎ এরকম দুর্ঘটনার সংবাদ পেয়ে শ্যামারচর বাজারের ব্যবসায়ী মামুদনগর গ্রামের সজল কান্তি দাসসহ বেশ কয়েকজন অচেতন হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাসহ প্রায় ৪ কোটি টাকার মাল পুড়েছে। এ ঘটনায় শাল্লার প্রত্যেকটি বাজারের ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। অনেকেই নিঃস্ব হয়ে গেছেন।

মঞ্জু কুমার দাস জানান, সজল বাবুর প্রায় ৮ লাখ টাকার বিভিন্ন প্রকারের মালামাল পুড়ে গেছে। নৌকায় গ্যাস সিলিন্ডার ও ডিজেল ছিল বলেই আগুন নেভানো সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.