Sylhet Today 24 PRINT

শিশু ধর্ষণ: শ্রীমঙ্গল থানার পরিদর্শককে শোকজ, এসআই ক্লোজড

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২১ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী (১২) ধর্ষণের ঘটনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানাকে শোকজ এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেনকে ক্লোজড করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পরও যথাযথ ব্যবস্থা দ্রুত না হওয়ার কারণে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানাকে শোকজ এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেনকে ক্লোজড করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামে আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে একই এলাকার মো. মুন্না আহমেদ। পরে শুক্রবার মামলা হওয়ার পর শনিবার বিকেলে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযুক্তকে উপজেলার ভুনবীর গ্রাম থেকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে।

ঘটনার শিকার হওয়া শিশু শিক্ষার্থী বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.