বিশ্বনাথ প্রতিনিধি | ২৪ এপ্রিল, ২০১৯
স্থানীয় সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে সওজের ডাক বাংলোয় ‘ইউএনও ও সাংবাদিকদের’ মধ্যে সৃষ্ট ঘটনায় বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।
এসময় ইউএনও অমিতাভ বলেন, অনিচ্ছাকৃত ভুলের জন্যে আমাদের মধ্যে ভুলবুঝাবুঝির মত ঘটনা ঘটেছে সে জন্য আমি দুঃখিত। তিনি বলেন, বিশ্বনাথের সাংবাদিকরা বাস্তবতার নিরিকেই সত্য ন্যায় ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে যাচ্ছেন। ভবিষ্যতেও যেন এ ধারা অব্যাহত থাকে। তাছাড়া সাংবাদিকদের সহযোগীতা ছাড়া সমাজের উন্নয়নও সম্ভব নয়।
এরআগে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী জব্বার মার্কেটের ২য় তলায় সাংবাদিকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বনাথের দু’টি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যদের উপস্থিতিতে সভা চলাকালে বিষয়টি নিস্পত্তির লক্ষে মধ্যস্থতাকারী হিসাবে সভায় উপস্থিত হন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী। পরবর্তিতে সকল সাংবাদিকদের সম্মতিক্রমে বিশ্বনাথ-রশিদপুর সড়কের সড়ক ও জনপদের ডাক বাংলোয় বিষয়টি নিস্পত্তি করা হয়।
এসময় বক্তব্য রাখেন মধ্যস্থতাকারী বিশ্বনাথ থানার ওসি শামছুদ্দোহা পিপিএম ও মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাব একাংশের সভাপতি কাজী জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, প্রেসক্লাব অপরাংশের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল।
সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক তজম্মুল আলী রাজু, জাহাঙ্গীর আলম খায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, আশিক আলী, এমদাদুর রহমান মিলাদ, মোহাম্মদ আলী শিপন, লোকমান হোসেন, রোহেল উদ্দিন, নূর উদ্দিন, আব্বাস হোসেন ইমরান, কামাল মুন্না, জামাল মিয়া, নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, শুকরান আহমেদ রানা, মিছবাহ উদ্দিন, আব্দুস সালাম, ফজল খান, বদরুল ইসলাম মহসিন, মোশাহিদ আলী ও শেখ কাওছার আলী।
প্রসঙ্গত, শপথ নেওয়ার পর গত ১৫ এপ্রিল উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় এমপি মোকাব্বির খান। ওই মতবিনিময় সভায় আমন্ত্রণ পেয়ে সাংবাদিকরা সভায় উপস্থিত হলে এমপি মোকাব্বির খানের উপস্থিতিতে সাংবাদিকদের বের করে দেন ইউএনও। মঙ্গলবার অনিচ্ছাকৃত ওই ভুলের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।