Sylhet Today 24 PRINT

জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিলেন মহানগর হাকিম

নিজস্ব প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০১৯

ড. মুহাম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার। এ নিয়ে চাঞ্চল্যকর মামলাটিতে মোট দুজন সাক্ষী সাক্ষ্য দিলেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসার আদালতে এই সাক্ষ্য দেন হরিদাস কুমার।

আদালতের পিপি মাসুক আহমদ জানান, হাকিম হরিদাস কুমার মামলার ছয় আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ২১ মে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন আদালত ।

এর আগে সকালে কড়া নিরাপত্তায় ৫ আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট আসামি করা রয়েছে ছয়জনকে।

আইনজীবীরা জানান, মামলাটিতে সাক্ষ্য দেবেন মোট ৫৬ জন।

এর আগে ২১ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুল। ওই দিন রাতেই ফয়জুলকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.