Sylhet Today 24 PRINT

সিলেট-ঢাকা বাস ধর্মঘট শিথিল, খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট |  ১২ আগস্ট, ২০১৫

সিলেট-ঢাকা বাস ধর্মঘট দুই ঘন্টা শিথিল করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত চলবে ধর্মঘট। 

গত সোমবার রাতে ঢাকার সায়েদাবাদ টার্মিনলে শ্যামলী পরিবহনের চালক সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা শিবুচন্দ্র দেবকে যাত্রীরা পিটিয়ে খুন করে। এর প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা বাস ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে সকাল থেকে ঢাকাগামী যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। বাস টার্মিনাল ও কাউন্টারে এসে তারা ধর্মঘটের খবর জানতে পেরে ফিরে যেতে হয়েছে। 

শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, বাস চালক শিবু চন্দ্র দেবকে হত্যায় অংশ নেয়া যাত্রীদের গ্রেফতারে ৩০ আগস্ট পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে। এর মধ্যে ঘাতকরা গ্রেফতার না হলে ১ সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগের সকল সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করবেন তারা।

এদিকে, চালক শিবু হত্যার প্রতিবাদে দুপুরে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেন। ওই সমাবেশ থেকে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক ধর্মঘট ২ ঘন্টা শিথিল করে বিকেল ৪টা পর্যন্ত চলার ঘোষণা দেন।

চালক হত্যাকারীদের গ্রেফতারে ৩০ আগস্ট পর্যন্ত সময় বেধে দিয়ে তিনি বলেন- এর মধ্যে শিবুর খুনীরা গ্রেফতার না হলে ১ সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে। তিনি শিশু রাজন হত্যা মামলার মতো শিবু হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে করার দাবি জানান।

সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকে কোথাও কোনে গোলযোগের খবর পাওয়া যায়নি। ঢাকার পথে বাস বন্ধ থাকলেও অন্যান্য রুটে চলাচল স্বাভাবিক। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.