সুনামগঞ্জ প্রতিনিধি | ১২ আগস্ট, ২০১৫
সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর আবাসিক এলাকায় সুরমা নদীর পাশ থেকে একদিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের নবীনগর থেকে সুরমা নদীর পাড় হওয়ার জন্য নদী তীরে নৌকার অপেক্ষা করছিলেন মইনপুর এলাকার আসলাম মিয়ার স্ত্রী রোকেয়া বেগম। বেলা তখন ৪টা এমন সময় শিশুর কান্না শুনে আশেপাশে কিছু খুজে না পেয়ে বসেছিলেন। কিন্তু আবারো শিশুর কান্নার শব্দে খুজতে থাকলে পাশেই বিক্রির জন্য মজুদ করে রাখা ইটের স্তুপের আড়ালে কাপড়ে মোড়ানো একটি ফুটফুটে কন্যা শিশুকে দেখে আশেপাশের লোকজনের কাছে গিয়ে তার মা বাবাকে খুজতে থাকেন। শিশুটির কোন অবিভাবক না পেয়ে বিকেলে বাড়িতে গিয়ে বিষয়টি পুলিশকে জানালে মঙ্গলবার রাত ৮টায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
এ দিকে নবীনগরে শিশু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। ফুটফুটে শিশুটি দেখতে খুবই সুন্দর ও হাস্যউজ্বল হওয়ায় মানুষের দেখার আগ্রহটা যেন একটু বেশি। এলাকাবাসীর ধারনা কোন দম্পতি শিশুটিকে ফেলে রেখে পালিয়েছে।
শিশুটিকে খুজে পাওয়া রাকেয়া বেগম জানান, শিশুটিকে রেখে কেউ পালিয়েছে। কাপরে পেচানো অবস্থায় যখন পাওয়াগেছে তখনো তার শরীরে রক্ত লেগে ছিলো। তিনি বাড়িতে নিয়ে পরিস্কার করেছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আব্দুল হেকিম জানান শিশুটি সুস্থ আছে। তবে আরো কয়েক দিন পর্যবেক্ষনে রাখা প্রয়োজন এবং শিশুটির চিকিৎসার সার্বিক খরচ তিনি বহন করবেন।
সদর থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যদি কোন পরিচয় না মিলে তাহলে আইনি ভাবে কাওকে দত্তক দেয়া হবে।