নিজস্ব প্রতিবেদক | ১২ আগস্ট, ২০১৫
সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বার্ষিক উরস উপলক্ষে লৌকিক উৎসব ‘লাকড়ি তোড়া’ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর দরগাহের বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে- প্রায় ৭০০ বছর ধরে প্রচলিত লাকড়ি সংগ্রহের এ উৎসব পালিত হয়।
আজ বুধবার ‘লাকড়ি তোড়া উৎসবে’ দরগাহ থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাক্কাতুরা ও মালনিছড়া চা-বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি টিলার জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করা হয়।
সকাল থেকে হযরত শাহজালাল (রহ.) হাজারো ভক্তরা দরগাহ শরীফে সমবেত হয়ে জোহরের নামাজের পরে মিছিল সহকারে লাকড়ি সংগ্রহে জংগলের উদ্দেশ্যে রওনা হন। সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর লাকড়ি নিয়ে দরগাহ শরীফে ফিরে আসেন ।
দরগাহ’র মোতাওয়ালি ফতেহ উল্লাহ আল আমান জানান, শাহজালাল (রহ.) এর জীবদ্দশায় এভাবে লাকড়ি সংগ্রহ করে রান্না করা হতো। সেই ঐতিহ্য রক্ষা করে ৭০০ বছর ধরে উরসের তিন সপ্তাহ আগে লাকড়ি তোড়া সম্পন্ন হয়ে আসছে। এসব সংগ্রহ করা লাকড়ি নির্দ্দিষ্ট স্থানে জমা করে রাখা হয়। আর এসব লাকড়ি দিয়েই উরসে শিরনির রান্না করা হয়ে থাকে।