সিলেটটুডে ডেস্ক | ১২ আগস্ট, ২০১৫
হাসপাতালে ছেলের লাশ দেখছেন বাবা
মদন মোহন কলেজ ছাত্র আব্দুল আলী হত্যার দায় ছাত্রলীগের নয় বলে দাবি করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকদ্বয় প্রেরিত বিবৃতিতে এমনটি দাবি করা হয়।
বুধবার দুপুরে মদন মোহন কলেজ ক্যম্পাসে খুন হন ছাত্রলীগ কর্মী আব্দুল আলী। এ ঘটনায় পণোজিত নামের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তিনিও ছাত্রলীগের কর্মী।
তবে জেলা ও মহানগর ছাত্রলীগের বিবৃতিতে দাবি করা হয়, মদন মোহন কলেজে বাংলাদেশ ছাত্রলীগের কোন কার্যক্রম নেই। কলেজের ছাত্রলীগের কমিটি এবং যাবতীয় কার্যক্রম বিগত ৫ বছর পূর্বে স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নামধারী পরিচয় ব্যবহার করে কোন প্রকার কার্যক্রম সংঘটিত হয়ে থাকলে এর দায়ভার বাংলাদেশ ছাত্রলীগের উপর বর্তায় না।
বিবৃতিতে আব্দুল আলী খুন হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানায় জেলা ও মহানগর ছাত্রলীগ।
পৃথক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী এবং মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার এ হত্যার সুষ্ঠু বিচার ও দোষী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।