নিজস্ব প্রতিবেদক | ২৮ এপ্রিল, ২০১৯
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেছেন, সিলেট সিটি করপোরেশন স্বাস্থ্যসেবায় অনেক এগিয়েছে।
সচেতনতা ও দায়িত্ববোধের কারণে এমন সাফল্য অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের এই সাফল্য ধরে রাখতে হবে। সকল শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আনতে নিজেদের পরিবার, সমাজের দায়িত্বশীল সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্যসেবায় সিলেট এগিয়ে যাক এ প্রত্যয়ে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
রোববার (২৮ এপ্রিল) সকালে বিশ্ব টিকাদান সপ্তাহ উদযাপন উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের সভা কক্ষে এডভোকেসি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক।
এছাড়া সভায় বক্তারা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় টিকাদানের গুরুত্বারোপ করে এ বিষয়ে দায়িত্বশীলদের আরও সচেতন হবার পরামর্শ প্রদান করেন।
সভায় সংশ্লিষ্টরা জানান, চলতি মাসের ২৪ এপ্রিল থেকে নগরীতে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
সভায় সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মিশেল চন্দ্র পাল, ইউনিসেফের ডা. মো. সালেকুর রহমান, সিটি কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, জেলা শিক্ষা অফিসের নাজমা বেগম, ওসমানী হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল হকসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডাক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সিসিকের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।