Sylhet Today 24 PRINT

বিএনপির সাংসদরা কার সিদ্ধান্তে শপথ নিয়েছেন জানেন না আমির খসরু

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০১৯

বিএনপির ৪ সাংসদের শপথ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা দলীয় সিদ্ধান্তে শপথ নিলেন কি না এ ব্যাপারে আমার কিছু জানা নেই। তবে যেহেতু দলের ক্ষমতা তারেক রহমানের হাতে রয়েছে সেক্ষেত্রে সিদ্ধান্ত হলেও হতেও পারে।

সোমবার বিকেলে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি।

আমির খসরু মাহমুদ বলেন, যদি তারা দলের সিদ্ধান্তের বাইরে শপথ নিয়ে থাকেন তাহলে দলীয় গঠনতন্ত্রঅনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

যদিও রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় সিদ্ধান্তেই শপথ নিয়েছেন চার সাংসদ।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলীয় নেতাকর্মীদের হত্যা গুমের প্রতিবাদে সিলেট জেলা বিএনপির আয়োজিত সোমবারের এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যেও আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এসময় তিনি বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট সরকার হচ্ছে বর্তমান সরকার। গণ আন্দোলনের মাধ্যমে এদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে । ভবিষ্যতের আন্দোলনের জন্য সবাই আহ্বান জানিয়ে তিনি বলেন ক্ষমতা যখন আসে তখন একবার ক্ষমতাও হারাতে হবে। সেই দিন আর বেশি দুরে নয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদ পরিচালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা ও মহানগর বিএনপির অনেক নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.