Sylhet Today 24 PRINT

১২ টাকার ওষুধ ৫শ’ টাকায় বিক্রি

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৯ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জ শহরের বিভিন্ন ওষুধের দোকানে অতিরিক্ত মূল্য বিক্রি হচ্ছে ইনজেকশন ‘ইফিড্রিন’। ১২ টাকায় ক্রয়কৃত এই জীবন রক্ষাকারী ইনজেকশনটির বিক্রয় মূল্য ২৫ টাকা নির্ধারিত থাকলেও বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৫০০ টাকা মূল্যে।

একাধিক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে ফুটে ওঠে এমন দৃশ্য।

অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, সোমবার তাদের এক কর্মচারী ক্রেতা সেজে ইনজেকশনটি ক্রয় করতে যান। এ সময় হবিগঞ্জ আড়াইশ’ শয্যার হাসপাতাল গেইট এলাকার ইসলাম ফার্মেসি মূল্য দাবি করে ৬০০ টাকা। অনেক দামাদামি করে অবশেষে ৫০০ টাকায় ঔষুধটি বিক্রি করে ওই প্রতিষ্ঠান। এ সময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ইসলাম ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একইভাবে হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতালের ফার্মেসিতে একই ঔষুধের মূল্য রাখা হয় ১৫০ টাকা। এ সময় ভোক্তা অধিকার আইনের ধারা ৪০ অনুসারে ওই ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।

অভিযান চলাকালে হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.