Sylhet Today 24 PRINT

সিলেটের ঐতিহ্য ধ্বংসকারীদের নিয়ে যা বললেন সদরউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০১৯

সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংসের পক্ষে দাঁড়ানোদের 'ফকিন্নির পুত' বলে মন্তব্য করেছেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য, প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা সদরউদ্দিন আহমদ।

সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের ইতিহাস ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হন।

সংহতি জানাতে বক্তৃতায় ঐতিহ্যবাহী স্থাপনা ভাঙার পক্ষে থাকা লোকজনকে 'ফকিন্নির পুত' বলে মন্তব্য করনে। বক্তৃতায় তিনি বলেন, ''কিছু লোক আছে, স্থানীয় আন্দোলন শুনলে জড়িত হয়। আবু সিনা ছাত্রাবাস ভবন না ভেঙে যেভাবে আছে সেভাবে রাখতে হবে। আমার তো ভাবনায়ই আসে না, এটা (আবু সিনা ছাত্রাবাসের পুরনো ভবন) কেন ভাঙা হবে। এই সব পুরানা ভবন ভাঙলে টুপাইস কামাই হয়। ভবন রক্ষার কথাবার্তা বললে নাকি ধমক দেয়। আমার তো মাথায় আসে না, যাঁরা সিলেটকে রক্ষা করার জন্য আন্দোলন করেন, তাদেরকে ধমক দেয়। এত বড় সাহস, এই সব ফকিন্নির পুতেরা সিলেটটাকে ধ্বংস করছে, ঐতিহ্যকে ধ্বংস করছে। আমাদের সিলেটের একটা আলাদা ঐতিহ্য আছে। এই ঐতিহ্যের বিরুদ্ধে রাতারাতি মন্ত্রীর চামচা হয়।'

পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইবেন জানিয়ে মুক্তিযোদ্ধা সদরউদ্দিন আরও বলেন, 'আমি মোমেনের (পরারাষ্ট্রমন্ত্রী) ক্লাসমেট। আমি তাঁকে জিজ্ঞেস করবো, পুরানা ভবন কেন ভাঙবে। যে হাসপাতাল আছে, সেটাকে ২০ তলা করা হোক, পুরানা ঐতিহ্যের ভবন ভাঙবে কেন?'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.