সিলেটটুডে ডেস্ক | ৩০ এপ্রিল, ২০১৯
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘রমজান মাসে কোন ভাবেই খোলা অবস্থায়, সড়কের পাশে ইফতার সামগ্রীর পসরা বসানো যাবে না। শুধু তাই নয় ভোগ্যপণ্যের দাম বাড়ালে কিংবা পণ্যে ভেজাল মেশালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত পবিত্র মাহে রমজানে কম মুনাফায় দ্রব্যমুল্য বিক্রয়, খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে নগরীর ব্যবসায়ী, প্রশাসন ও সরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় এসব কথা বলেন তিনি।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় মেয়র আরো বলেন, ‘আত্মশুদ্ধির মাস হলো ‘মাহে রমজান’। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। নগরীর সকল পর্যায়ের ব্যবসায়ীদের প্রতি আমার আহবান পবিত্র মাহে রমজানে কম মুনাফায় দ্রব্যমুল্য বিক্রয়, ফরমালিন মিশ্রিত ফলমূল বিক্রয় না করা, খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।’ এছাড়া অসুস্থ গরু-ছাগল জবাই না করা ও নির্ধারিত মূল্যে ভেজাল মুক্ত মাংস বিক্রয় করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
একইসাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কিংবা পণ্যে ফরমালিন মেশালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
সভায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী রমজান মাসে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই প্রতিরোধ যানজট নিরসন রাস্তায় যত্রতত্রভাবে যানবাহন না রাখতে পুলিশ বিভাগ, র্যাব ও ট্রাফিক বিভাগকে এবং সেহরী ও ইফতারের নির্ধারিত সময়ে সাইরেন বাজানো ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সিলেট কে অনুরোধ জানান।
নগরীর প্রতিটি এলাকায় পানি সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে একটি মনিটরিং শেল গঠনের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করা হবে জানিয়ে মেয়র বলেন, ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখলে পানির সমস্যা তেমন একটা থাকবেনা। বিদ্যুতের সমস্যার কারণেই পানি সরবরাহে বিঘ্ন ঘটে।’ এছাড়া তিনি তারাবীহ, সেহেরী ও ইফতারের সময় বিদ্যুৎ এর লোডশেডিং যাতে না হয় এবং কোথাও বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হলে তা পুন:স্থপনের পূর্ব প্রস্তুতি রাখতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানান।
সভায় আরো বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, মখলিছুর রহমান কামরান, রকিবুল ইসলাম ঝলক, মহিলা কাউন্সিলর শাহানা বেগম শানু, নাজনীন আক্তার কনা, মাসুদা সুলতানা, সিসিকের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার, এসএমপি পুলিশের সহকারী কমিশনার মো. ইসমাইল, র্যাব-৯ এর ডিএডি মো. নূরুল ইসলাম, ফায়ার সার্ভিসের ফিল্ড অফিসার মো. আব্দুল বারী, পিডিবির সহকারী প্রকৌশলী মো. জমির আলী, ইমাম সমিতির সভাপতি মোহাম্মদ এহসান উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, আল হামরা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান, বাজার আদায়কারী সুশেন দে প্রমুখ।