Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে তালাবদ্ধ ঘর থেকে শিশুর লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি |  ০১ মে, ২০১৯

সিলেটের বিশ্বনাথে সিংগেরকাছ বাজারের মতলিব আলী নামের এক প্রবাসীর কলোনীর তালাবদ্ধ একটি রুম থেকে খাদিজা বেগম নামের সাড়ে ৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই কলোনীর ভাড়াটিয়া ভ্যান চালক শাহিনুর রহমানের মেয়ে। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের বীর কলস গ্রামে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশের এসআই মিজানুর রহমান লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশের ধারণা শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর খালি একটি রুমের রান্নাঘরের দেওয়ালে দুটি পিনের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যপারে জানতে চাইলে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামবলেন, নিসন্দেহে এটি একটি হত্যাকান্ড। শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর পরিকল্পিতভাবে গলায় রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা রাখা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে এখনও সিংগেরকাছ বাজারে অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, শিগগিরই এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে।  

জানাগেছে, তিন সন্তানের জনক ভ্যান চালক শাহিনুর তার স্ত্রী সুমনা বেগমকে নিয়ে দীর্ঘদিন থেকে ওই কলোনীতে এক রুমের একটি ঘরে বসবাস করে আসছেন। তার ঠিক এক পাশে অপর ভাড়াটিয়া আর অন্য পাশের রুমটিতে থাকতেন আলমগীর ও জামিল নামের দুই যুবক। সম্প্রতি ওই দুই যুবককে মালিক পক্ষ কলোনী থেকে বের করে দিলে সেই রুমটি খালি হয়ে যায়। সেই খালি রুমের রান্না ঘরের দেওয়ালের সঙ্গে ঝুলে থাকা ওই শিশুটির লাশ উদ্ধার করে থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.