হবিগঞ্জ প্রতিনিধি | ০১ মে, ২০১৯
বাংলাদেশে অনুপ্রবেশকালে গ্রেপ্তার হয়ে অস্ত্র মামলায় ১৪ বছর কারভোগ শেষে দেশে ফিরেছে ৩ ভারতীয় নাগরিক।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা চেকপোস্ট দিয়ে তাদেরকে ভারত ফিরিয়ে দেয়া হয়। তিন ভারতীয় নাগরিক হলেন- ত্রিপুরা রাজ্যের ধলাই মহুকুমার ভুক্কুক দেব বর্মা, মানজাক দেব বর্মা ও টেক্কেক দেব বর্মা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে চুনারুঘাটে অস্ত্রসহ ধরা পরে ৬ ভারতীয় নাগরিক। এরা সকলেই ছিলেন ত্রিপুরারা বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সক্রিয় সদস্য। অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র বহনের অপরাধে তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানা একটি অস্ত্র মামলা দায়ের হলে আদালত ৬ আসামীকে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন। গেল একমাস পূর্বে ২ জনকে ভারতে ফেরত পাঠানো হয়। দেড় বছর পূর্বে আরেকজনকে ঢাকা ভারতীয় দূতাবাসের মাধ্যমে ফেরত পাঠানো হয়।
মঙ্গলবার অবশিষ্ট উল্লেখিত তিনজনকে সকল আনুষ্ঠানিকতা শেষ করে বাল্লা চেকপোস্ট বিজিবি ও পুলিশ বিএসএফ এর হাতে তুলে দেয়। একই সময়ে ২ মাস পূর্বে ভারতে আটক বাংলাদেশী নাগরিক চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল মালেক এর ছেলে রঞ্জন খানকে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। রঞ্জন খান ২ মাস পূর্বে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় চুরির ঘটনায় গ্রেপ্তার হয়ে চুরির মামলায় কারাভোগ করে কয়েকদিন পূর্বে কারাগার থেকে মুক্তি পায়। বিএসএফ রঞ্জনকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বলেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ, বিজিবি ও বিএসএফ মিলে উভয় দেশর নাগরিকদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।