নিজস্ব প্রতিবেদক | ০১ মে, ২০১৯
নিত্যপণ্য বিক্রির আড়ালে চলছিল পলিথিন পাইকারি দরে কেনাবেচা। সিলেট নগরের ব্যবসায়িক এলাকা মহাজনপট্টিতে এমন দুটো দোকানে অভিযান চালিয়ে প্রায় চার টন পলিথিন জব্দ করে ইটভাটার চুল্লিতে ফেলে ধ্বংস করা হয়েছে।
সিলেটে মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহায়তায় এ অভিযান চালায়। পলিথিন মজুত করে কেনাবেচার দায়ে মহাজনপট্টির ওই দুটো ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবশে অধিদপ্তর জানায়, রোজার মাসকে সামনে রেখে নিত্যপণ্যের দোকানেই মজুত করা হয়েছিল নিষিদ্ধ পলিথিন। গোপন সূত্রে এ খবর পেয়ে গতকাল সকালে তাৎক্ষনিক অনুসন্ধান করে সত্যতা পাওয়ায় পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সহায়তায় অভিযান চালানো হয়। আলমগীর স্টোর ও জয় ট্রেডাস নামের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চার হাজার কেজি পলিথিন উদ্ধার করা হয়। আলমগীর স্টোরকে এক লাখ টাকা জরিমানা ও জয় ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর সিলেটের উপপরিচালক আলতাফ হোসেন বলেন, এ অভিযানের মধ্য দিয়ে জব্দ করা পলিথিন ধ্বংস করার ক্ষেত্রে একটি নতুন পন্থা অবলম্বন করা হয়েছে। প্রায় চার টন পলিথিন খোলা জায়গায় পোড়ালে বা মাটিতে পুঁতে রাখলেও পরিবেশের দূষণ হওয়ার আশঙ্কা ছিল। এ জন্য জব্দ করা পলিথিনগুলো শহরতলির শাহপরান এলাকার একটি ইটভাটার চু্ল্লিতে ফেলে ধ্বংস করা হয়েছে।
বিশেষজ্ঞ পরামর্শ অনুয়ায়ী এ কাজটি করা হয়েছে জানিয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, ভবিষ্যতে পলিথিনবিরোধী অভিযানে পলিথিন জব্দ করা হলে এ পন্থা অবলম্বন করে পলিথিন ধংস করা হবে।