Sylhet Today 24 PRINT

বাস টার্মিনালে ভবন নিয়ে ফের আলোচনায় সেই কালাম

নিজস্ব প্রতিবেদক |  ০১ মে, ২০১৯

তিনি ইউপি চেয়ারম্যান। পরিবহন মালিক সংগঠনেরও নেতা। সম্প্রতি বিএনপি থেকে আ. লীগে যোগ দিয়েও আলোচনায় এসেছেন। তবে সব ছাপিয়ে বাস টার্মিনালের জমিতে ভবন নির্মান নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় আসেন আবুল কালাম।

নদরীর কদমতলীর সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের জায়গায় 'তাজমহল' নামের রেস্টুরেন্ট করে সিলেটজুড়ে আলোচনায় আসেন দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়ন পরিষদের ওই চেয়ারম্যান। ২০০০ সালে ওই রেস্টুরেন্ট নির্মাণ করেন তিনি। ব্যাপক আলোচনা-সমালোচনা সত্ত্বেও এতোদিন বহাল তবিয়তেই টিকেছিলো কালামের ওই রেস্টুরেন্ট।

সম্প্রতি বিশ্বব্যাংকের সহায়তায় বাস টার্মিনালের আধুনিকায়নের কাজ করছে সিটি করপোরেশন। এই সুযোগে কালামও তাঁর রেস্টুরেন্টের জায়গায় পাঁচতলার ভবন নির্মান কাজ শুরু করেন। এনিয়ে সিটি করপোরেশনের মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় দুই কাউন্সিলর।

সোমবার সিটি করপোরেশন অভিযান চালিয়ে কালামের নির্মানাধীন ওই ভবন ভেঙ্গে দেয়। তাকে অন্যত্র ভবন নির্মানের কথা জানায় সিটি করপোরেশন।

এসময় সিসিকের সহকারী প্রকৌশলী আব্দুস সোবাহান, মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপন উপপস্থিত ছিলেন ।

আর কালামের ওই ভবনকে অনুমোদনহীন দাবি করে ভবনের কাজ বন্ধের জন্য মঙ্গলবার মেয়র বরাবরে লিখিত অভিযোগ দেন সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস লিপন ও ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এডভোকেট রোকসনা বেগম শাহনাজ।

যদিও সিটি করপোরেশনের কমকর্তারা বলছেন, আবুল কালামকে ২০২০ সাল পর্যন্ত টার্মনালের ওই ভূমি অস্থায়ী লিজ প্রদান করেছে সিটি করপোরেশন। স্থায়ী লিজ নিতে হলে তাকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে আবেদন করতে হবে।

সিসিকের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন বলেন, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের জায়গায় অনুমোদনহীন ভাবে পাঁচতলা ভবন নির্মাণ কাজ শুরু করেছেন আবুল কালাম। এই জায়গায় ভবন নির্মাণের জন্য তার কোনো বৈধ কাগজপত্র নেই। ২০০০ সালে তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান পরিষদের সময় বাস টার্মিনালের ৪ শতক জায়গায় লিজ নেওয়ার জন্য কালাম আবেদন করেছিলেন। তখন সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয় মন্ত্রনালয়ের অনুমতি স্বাপেক্ষে লিজ দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো ধরনের অনুমোদন আনতে পারেননি। এ ব্যাপারে আমি মেয়র সাহেবের কাছে লিখিত আবেদন করেছি।

এ ব্যাপারে চেয়ারম্যান মো. আবুল কালাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি অবৈধভাবে কোনো ভবন নির্মান করিনি। আমি সিটি করপোরেশন থেকে বাস টার্মিনালের ৪ শতক জায়গা লিজ নিয়েছি।  প্রায় ১৫দিন আগে মেয়র আমাকে চিঠি দিয়েছেন উন্নয়ন কাজের স্বার্থে এই ভবন স্থানান্তরিত করার জন্য। তাই উন্নয়নের স্বার্থে আমার ভবন স্থানান্তর করেছি। মেয়র সাহেব নিজে এসে আমাকে বিকল্প জায়গা দেখিয়ে দিয়ে গেছেন।

তিনি বলেন, এই ভবন স্থানান্তরের জন্য আমার ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এই ক্ষতি মেনে নিয়েছে শুধুমাত্র এই বাস স্ট্যান্ডে কাজের উন্নয়নের স্বার্থে, জনগনের স্বার্থে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, মেয়র কামরান সাহেবের সময় মো. আবুল কালামকে ৪ শতক জায়গার লিজ দেওয়া হয়। এর মেয়াদ আছে ২০২০ সাল পর্যন্ত। তবে এর ভিতরে তিনি মন্ত্রনালয়ের অনুমোদন না আনতে পারলে লিজ বাতিল হয়ে যাবে।

তিনি বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় সিলেটে একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল হবে। এখন আমরা চাই নির্ভেজাল ভাবে এই কাজটা শেষ করতে। এখন তার লিজকৃত জায়গার ভিতরে বাস টার্মিনালের উন্নয়নের কাজ একাংশ পড়েছে। তাই সমঝোতার ভিত্তিতে তিনি এই জায়গা ছেড়েছেন। এইজন্য তাকে বাস টার্মিনালের ভিতরের অব্যবহৃত অংশে বিকল্প জায়গা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.