Sylhet Today 24 PRINT

মহাজনপট্টিতে ৪.৩ মেট্রিক টন অবৈধ পলিথিন উদ্ধার, জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৯

নগরের মহাজনপট্টি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪.৩ মেট্রিক টন অবৈধ পলিথিন উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধ পলিথিন রাখার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে এএসপি ওবাইন এর নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলতাফ হোসেনের সমন্বয়ে এসএমপির কোতয়ালী থানাধীন মহাজনপট্টি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল অংশগ্রহন করে।

বুধবার (১ মে) র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অবৈধ পলিথিন রাখার দায়ে মহাজনপট্টি এলাকার মেসার্স আলমগীর ষ্টোরকে ১ লক্ষ টাকা ও জয় ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানায় র‌্যাব।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.