Sylhet Today 24 PRINT

রমজানে নাগরিকদের যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করা যাবে না: সিটি মেয়র

উন্নয়ন কাজ তদারকি করতে সিসিকে পাঁচ সদস্যের কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ০১ মে, ২০১৯

ফাইল ছবি

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, রমজানে নাগরিকদের যাতায়াতে কোন ধরণের ব্যাঘাত সৃষ্টি যাতে না হয়, সে দিকে লক্ষ্য রেখে নগরীর চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া উন্নয়ন কাজের সার্বক্ষনিক তদারকি ও দ্রæত কাজ শেষ করতে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠিত হয়েছে।

বুধবার (১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর হযরত শাহজালাল (রহ.) এর মাজার, দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় সিসিক মেয়র আরো বলেন, রমজানের আগেই চলমান উন্নয়ন কাজ শেষ করতে প্রচেষ্টা চলছে। তাছাড়া উন্নয়ন কাজ তদারকির কমিটির সদস্যরা সার্বক্ষনিক নগরীর ২৭টি ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ মানসম্মত ও দ্রুত সম্পন্ন হচ্ছে কিনা সে বিষয়টি তদারকি করবেন। কোন এলাকায় কাজের গতি  ও নাগরিকদের কাজের ব্যাপারে কোন অভিযোগ থাকলে সে বিষয়টি তাৎক্ষনিক আমাকে অবহিত করবে গঠিত কমিটি।  

এসময় দক্ষিণ সুরমা এলাকার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাঠানপাড়া শীববাড়ী ড্রেন খননের কাজেরও উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিসিকের ওয়ার্ড কাউন্সিরর আজম খান, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা ।     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.