Sylhet Today 24 PRINT

মাকে বাঁশ দিয়ে পেটাল ছেলে!

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০২ মে, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭০ বছরের বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে তারই ছেলে।

বৃহস্পতিবার (২ মে) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গুলের গাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল থানা ওসি (তদন্ত) সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় আহতাবস্থায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ নিয়ে আসেন গুলের গাঁও গ্রামের আজগর আলীর স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা ছুকেরা খাতুন।

''তার হাতে মাথায় ও বুকে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত চিকিৎসার জন্য তাকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।''

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সোহেল রানা।

আহত ছুকেরা বেগম জানান, তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে মারা গেছে। তার বাবার বাড়ি থেকে পাওয়া ১৫ শতাংশ জমি রয়েছে । এই জমি বড় ছেলে জহুর আলী (৪৫) তাকে দিয়ে দেওয়ার জন্য বহুদিন ধরে তাকে চাপ দিচ্ছে। জমি না দেয়ায় বহুবার মেরে আহত করেছে। সামাজিক লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলিনি।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে পুনরায় সে জমি তার নামে লিখে দেয়ার জন্য চাপ দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে সে একটি কাটা বাঁশ দিয়ে পিটিয়ে আমাকে আহত করে। অনেকের পরামর্শে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। হাতে ও বুকে সেলাই দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর প্রতিবেশী ব্যবসায়ী মো. মকসুদ আলী তাকে আহতাবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

তিনি জানান, তার ছেলেমেয়েরা তার ভরণপোষণ করে না। তিনি বৃদ্ধ বয়সে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.