কমলগঞ্জ প্রতিনিধি | ০২ মে, ২০১৯
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য রথটিলা বাজারে এক রাতে পাশাপাশি সাতটি দোকানে চুরি হয়েছে।
বুধবার (১ মে) দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দিবাগত রাতে শ্রীসূর্য্য রথটিলা বাজারের নাবিল এন্ড তানিয়া স্টোর, বিসমিল্লাহ স্টোর, ইরফান মিয়ার চায়ের দোকান, জননী স্টোর, জুনেদ মিয়ার ফার্নিচারের দোকান, কয়েছ মিয়ার চায়ের দোকান, স্থানীয় বেসরকারী সংস্থা চাঁদের হাসি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর দরজা ও সাটার ভেঙ্গে চুরি হয়েছে।
নাবিল এন্ড তানিয়া স্টোরের মালিক ফুটিকুল ইসলাম জানান, এবার চোরচক্র তার দোকান থেকে ২ হাজার টাকার সামগ্রী চুরি করে নিয়েছে। ইতিপূর্বে গত ২৯ মার্চ তার দোকান চুরি হলে ২৯ হাজার টাকার মালামাল চুরি হয়েছিল।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি রহস্যজনক বলে মনে হয়েছে। তবে এ বিষয়ে কোন দোকানি লিখিত অভিযোগ দিচ্ছেন না। তারপরও পুলিশ তদন্ত করবে।