Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মণিপুরী ‘লাই-হারাওবা’ উৎসব সমাপ্ত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০২ মে, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে 'লাই-হারাওবা’ বা ‘ঈশ্বরের উপাসনা’ উৎসব সমাপ্ত হয়েছে।

বুধবার (১ মে) রাতে এই উৎসব সমাপ্ত হয়। এর আগে স্থানীয় উদয়ন সংঘের আয়োজনে ২৭ এপ্রিল থেকে ‘উজাও- লাইরেম্বী লাইশং’ মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী মীতৈ মণিপুরী নৃ-গোষ্ঠীর অতি প্রাচীনতম এই ধর্মীয় উৎসবটি শুরু হয়।

এ উৎসবে মণিপুরীদের ধর্মীয় প্রথা অনুযায়ী প্রতিদিন মাইবা (দেবদাস), মাইবীরা (দেবদাসী) এবং তাদের সহযোগীরা ঐশ্বরীক বাণীসহ লোকগান, লোকনৃত্য ও ধর্মীয় আচার অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে, আতিয়া সিদবা বা দেবতাদের ইচ্ছা অনুসারে এই মহাবিশ্বের সৃষ্টি এবং উদ্ভিদ ও প্রাণিগুলির বিবর্তনের গল্প উপস্থাপন করা হয়।

মণিপুরীদের বিশ্বাস- প্রতি বছর গ্রীষ্মকালীন পর্বের আগমনের সময় ঈশ্বর কর্তৃক মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য পৃথিবী পরিদর্শন করেন। আর পৃথিবীর মানুষ আনন্দে এই অনুষ্ঠান উদযাপন করে। এই উৎসবটি মণিপুরী সংস্কৃতির সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। এটি মূলত, সনামহী ধর্মের ঐতিহ্যগত দেবতাদেরকে উৎসাহিত করার জন্য উদযাপন করা হয়।

উল্লেখ্য, মণিপুরে দেবতাদের সেবায় যে পুরুষরা সারাজীবন নিজেদেরকে উৎসর্গ করেন, তাদের বলা হয় মাইবা (দেবদাস)। একইভাবে যে নারীরা দেবতাদের সেবায় সারাজীবন নিজেদেরকে উৎসর্গ করেন, তাদের বলা হয় মাইবী (দেবদাসী)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.