সিলেটটুডে ডেস্ক | ০২ মে, ২০১৯
আসন্ন পবিত্র রমজানে যৌক্তিক ও ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য সরবরাহের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর একটি হোটেলে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি সিলেট শাখা, সিলেট মিষ্টান্ন ও খাদ্য পণ্য প্রস্তুতকারী প্রতিষ্টান মালিক সমিতিও সিলেট ড্রিকিং ওয়াটার মালিক সমিতির অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের সহকারী পরিচালক(মেট্রো) মোহাম্মদ ফয়েজ উল্যাহ্র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. ফখরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ, সিলেট এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক জামিল চৌধুরী, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি, সিলেট শাখার আহবায়ক এডভোকেট অরূপশ্যাম বাপ্পী, সিলেট মিষ্টান্ন ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্টান মালিক সমিতির পক্ষে এনায়েত মৌলা চৌধুরী রাজু,সিলেট ড্রিকিং ওয়াটার মালিক সমিতির পক্ষে একুশে ড্রিংকিং ওয়াটারের কর্ণধার শহীদুলইসলাম প্রমূখ।
সভায় পবিত্র রমজানের শিক্ষা, মাহাত্ব-চেতনা এবং জনস্ব্যস্থ্যের কথা বিবেচনা করে কোন ব্যবসায়ী যেন কোন পণ্যের মূল্য বৃদ্ধি না করেন এবং কোন মেয়াদ উত্তীর্ণ মানহীন পণ্য বাজারে সরবরাহ না করেন এ বিষয়ে বক্তারা ব্যবসায়ীগণকে অনুরোধ করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য পণ্যের মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, কোনভাবেই ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি নাকরা, মিষ্টান্ন উৎপাদনকারীগণ কোনভাবেই অননুমোদিত ক্ষতিকর ক্যামিকেল ব্যবহার করে জিলাপীসহ অন্যান্য মিষ্টান্ন উৎপাদন না করা, হোটেল ব্যবসায়ীগণ পুরাতন মেয়াদ উত্তীর্ণখাবার বিক্রয় না করা এবং সকল খাবার পরিস্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে ঢেকে রাখা ইত্যাদি বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও মতিবিনিময় হয়। সভায় সকলে অভিমত পোষণ করেন, কোন ব্যবসায়ী ভোক্তা অধিকার বিরোধী অপরাধ করলে, কোন পণ্যের মূল্য বৃদ্ধি করলে এবং মেয়াদ উত্তীর্ণ মানহীন পণ্য বাজারে সরবরাহ করলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
উপস্থিত ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বলেন, সিলেটের ব্যবসায়ীগণ অতীতে যৌক্তিক ও ন্যায্যেমূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ করেছেন। ভবিষ্যতেও ব্যবসায়ীগণ ভোক্তাদের কথা বিবেচনা করে যৌক্তিক ও ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ করবেন।