Sylhet Today 24 PRINT

আবুসিনা ছাত্রাবাসকে প্রত্নতাত্ত্বিক সম্পদের তালিকাভুক্তির দাবিতে গণস্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক |  ০২ মে, ২০১৯

সিলেটের ঐতিহ্যবাহী আবুসিনা ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত দেড়শতাধিক বছরের পুরনো ভবন জাতীয় প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে তালিকাভুক্ত করার দাবি গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ‘সিলেটের ঐতিহ্য সংরক্ষণে ঐক্যবদ্ধ নাগরিক সমাজ’ এ কর্মসূচি শুরু করেছে।

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একাত্মতা ঘোষণা করেন গণতন্ত্রীপার্টির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আরশ আলী ও জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ।

স্বাক্ষর করে অনুষ্ঠানে বক্তব্য দেন- প্রগতিশীল রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ধীরেন সিংহ, জাকির আহমদ, উজ্জ্বল রায়, আবু জাফর, সিকান্দর আলী, আনোয়ার হোসেন সুমন, প্রণবজ্যোতি পাল, সাংস্কৃতিক সংগঠনের সংগঠক শামসুল বাসিত, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, নাগরিক মৈত্রী সিলেটের আহবায়ক সমর বিজয় সী শেখর, ভাষাসৈনিক মতিন উদদীন আহমদ জাদুঘরের প্রতিষ্ঠাতা পরিচালক মোস্তাফা শাহজামান চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, সেভ দ্য হেরিটেজ’র প্রধান সমন্বয়ক আবদুল হাই আল-হাদী সহ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের নেতারা।

বক্তারা প্রায় দেড় মাস ধরে নাগরিক সমাজের ধারাবাহিক কর্মসূচির পরও ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে সরকার পক্ষের প্রত্যাশিত কোনো সাড়া না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি সিলেট নগরকে নগর পরিকল্পনাবিদদের মতামতের পরিপ্রেক্ষিতে যানজটমুক্ত রাখতে এবং স্থপতিদের পরামর্শ অনুযায়ী আবু সিনা ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত শতবর্ষী ভবনকে সংরক্ষণ করে নির্মাণকাজ শুরুর অপেক্ষায় থাকা জেলা হাসপাতালকে শাহী ঈদগাহ এলাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তরের পক্ষে একমত পোষন করেন।

এ মতামতের ভিত্তিতে সিলেট নগরীর কেন্দ্রস্থলকে যানজটমুক্ত রাখতে হাসপাতাল প্রকল্পকাজ স্থগিত রেখে স্থানান্তর প্রক্রিয়া এবং আবু সিনা ছাত্রাবাস ভাঙার সিদ্ধান্ত প্রত্যাহার করে সংরক্ষণ উদ্যোগ নিতে গণস্বাক্ষর কর্মসূচিতে প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনসহ ব্যক্তিদের প্রতি আহবান জানানো হয়। শতবর্ষী আবু সিনা ছাত্রাবাস সিলেট নগরের কেন্দ্রস্থলের চৌহাট্টা এলাকায়। একই এলাকায় পড়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এটির দেয়াল ঘেঁষে ছাত্রাবাস ভেঙে আট তলা বিশিষ্ট ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণে স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে শতবর্ষী ভবন ভাঙার কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.