Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বারের উদ্যোগে ভ্যাট সংক্রান্ত মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মে, ২০১৯

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ভ্যাট সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) সকাল ১১টায় চেম্বার বোর্ড রুমে এ সভার আয়োজন করা হয়।

সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সিলেটের ব্যবসায়ীরা ভ্যাট, ট্যাক্স প্রদানে আগ্রহী। কিন্তু সকল ব্যবসায়ীর ব্যবসা একরকম নয়। একই হারে সকলের কাছ থেকে ভ্যাট আদায় করা হলে অনেক ব্যবসায়ীকে পথে বসতে হবে।

ব্যবসায়ীরা বলেন, আয়কর পরিশোধের পর ব্যবসায়ীদেরকে যেভাবে প্রত্যয়নপত্র প্রদান করা হয়, তেমনিভাবে ভ্যাট পরিশোধের পর ব্যবসায়ীদেরকে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স প্রদান করা উচিত। তারা নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের উপর বোঝা না বাড়িয়ে ভ্যাটের পরিধি বৃদ্ধির দাবি জানান।

এছাড়াও ভ্যাট কর্মকর্তারা যাতে ব্যবসায়ীদের খাতাপত্র জব্দ ও কোনরূপ দুর্ব্যবহার না করেন সে বিষয়ে সিলেট চেম্বারের সহযোগিতা কামনা করেন তারা।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী বলেন, সিলেট চেম্বার সব সময় ব্যবসায়ীদের পাশে রয়েছে। ভ্যাট, ট্যাক্স সংক্রান্ত জটিলতা নিরসনে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।

তিনি বলেন, ব্যবসায়ীদের সাথে ভ্যাট কর্মকর্তারা কর্তৃক দুর্ব্যবহার মোটেই কাম্য নয়। এ ব্যাপারে আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ করবো।

তিনি ভ্যাট সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীদের সমস্যাবলী সমাধানে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিলেট চেম্বারের পরিচালক এবং ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির যুগ্ম আহবায়ক ফালাহ উদ্দিন আলী আহমদ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক, এহতেশামুল হক চৌধুরী, ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, সিএন্ডএফ এজেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক মো. বশিরুল হক, হোটেল মালিক সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম, কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি সাদিকুর রহমান, সিএনজি ওউনার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ্ আল মাহমুদ, সেক্রেটারি মুজিবুর রহমান, রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট এসোসিয়েশনের জুবায়ের আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের সদস্য আক্তার চৌধুরী রুবেল, হাজী মো. ছাদ মিয়া, হাজী আব্দুল আহাদ, বনফুলের ডিজিএম মো. আব্দুল হক, ফুলকলির ব্যবস্থাপক মো. তাছলিম উদ্দিন, কেমিস্ট মো. সাঈদ খান, মধুবনের মো. মাহফুজ আলম প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.