মাধবপুর প্রতিনিধি | ০৫ মে, ২০১৯
রমজান মাসে খাদ্য নিরাপত্তার জন্য হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৫ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মল্লিকা দে জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য বিক্রিতে সক্রিয় থাকেন। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রি করে থাকে। এ বছর যেন কোন ব্যবসায়ী ভেজাল খাদ্যপণ্য বিক্রি করতে না পারে সেজন্য রোববার বিকেলে মাধবপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হোটেল আল আমিনকে ২০ হাজার টাকা, হোটেল বিসমিল্লাহকে ৫ হাজার টাকা, হোটেল অতিথিকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় প্রীতি কসমেটিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।