চুনারুঘাট প্রতিনিধি | ০৫ মে, ২০১৯
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত জুড়ে চলছে বিজিবি’র কড়া টহল। সীমান্তের ধারে কাছে ঘেঁষতে দেয়া হচ্ছে না কাউকেই। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে বিজিবি মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে গ্রহণ করেছে বিশেষ পদক্ষেপ।
সীমান্তে শক্তিশালী সোর্স নিয়োগ দেয়ায় ইতোমধ্যে মাদকের গডফাদারসহ নানান পর্যায়ের মাদক ব্যবসায়ী ধরা পড়েছে। এ কারণে সীমান্তে মাদক চোরাচালান আশানুরূপ ভাবে হ্রাস পেয়েছে।
চিমটিবিল সীমান্ত ফাঁড়ির বিজিবি কর্মকর্তা হাবিব আহমেদ জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে ১৩ লাখ ৮০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করেছে। জব্দ চোরাই পণ্যের মধ্যে চা পাতা, গাঁজা, মদ, চশমাসহ মোটর সাইকেলও রয়েছে।
এদিকে, বাল্লা ও গুইবিল সীমান্তে অভিযান পরিচালনা করে ৪ লাখ ৬৪ হাজার টাকার চোরাচালানের পণ্য আটক করা হয়েছে বলে জানান বাল্লা ক্যাম্পের আধিকারিক দেলোয়ার হোসেন। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৬ টি মামলা করা হয়েছে চোরাচালানকারীদের নামে। এর মধ্যে ১৪টি মামলা দায়ের হয়েছে মাদকের।
উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চুনারুঘাটের বিভিন্ন পয়েন্ট দিয়ে মাদকসহ চোরাচালান আসছে। ২০০৫ সালে ভারত সরকার সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণ করার পর চোরাচালান কমে আসে। তবে সম্প্রতি আবারো ওইসব সীমান্ত দিয়ে মাদকসহ চোরাচালান বেচা কেনা সরগরম হয়ে উঠে।