Sylhet Today 24 PRINT

ছেলে যুদ্ধাপরাধী তাই পিতার নামের কলেজের নাম পরিবর্তন

মাধবপুর প্রতিনিধি |  ০৬ মে, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের রায়ে সাবেক কৃষি প্রতিমন্ত্রী এসএম কায়সারের ফাঁসির দন্ড হওয়ায় তার পিতার নামে নামকরণকৃত কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।  

সৈয়দ সঈদ উদ্দিন কলেজের নাম পরিবর্তন করে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ নামে নতুন নামকরণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কলেজ শাখার উপসচিব মো. রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশ জারি করা হয়।

জানা যায়, এর আগে গত ৩/৪বছর ধরে কলেজের নাম জটিলতার বিষয়টি ঝুলন্ত অবস্থায় ছিল। উল্লেখ্য সাবেক কৃষি প্রতিমন্ত্রী এসএম কায়সার মুক্তিযুদ্ধের সময় কায়সার বাহিনী গঠন করে মাধবপুর ও নাসিরনগর উপজেলায় অগ্নিসংযোগ. লুটতরাজ, খুন, ধর্ষণ ও ধর্মান্তর, দেশত্যাগ ও যুদ্ধশিশুসহ মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন। আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তার বিরুদ্ধে ফাঁসির দন্ডাদেশ দেন। এ কারণে তার পিতার নামে নামকরণ করা সৈয়দ সঈদ উদ্দিন কলেজের নাম প্রায় ৪ বছর আগে স্থগিত করা হয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ নামকরণ করে এক পরিপত্র জারি করা হয়।

কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে বলেন মন্ত্রণালয় নতুন কলেজের নামকরণ করে অনুমোদন দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.