Sylhet Today 24 PRINT

জাফলংয়ে পানির পাম্প মেরামতকালে বিদ্যুতস্পৃষ্টে ২জনের মুত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৬ মে, ২০১৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানির পাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সিমরাইল এলাকার আউয়াল মিয়ার ছেলে খোকন মিয়া (১৯) ও হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ উপজেলার নগর গ্রামের আহের মিয়ার ছেলে ইকবাল হোসেন (১৮)। সোমবার দুপুরে জাফলংয়ের পানামার ক্রাশিং জোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাফলংয়ের পানামার জোন এলাকায় ফাহিমা ষ্টোনক্রাশার নামক পাথর ভাঙ্গার ক্রাশার মেশিনের পানি উত্তোলনের বিকল একটি পাম্প মেরামত করতে কোয়ার ভেতরে নামেন অপারেটর খোকন। এসময় বিদ্যুতের তারে আটকে যান তিনি। তাকে উদ্ধারে পার্শ্ববর্তী আরেকটি ক্রাশার মেশিনের অপারেটর ইকবাল হোসেন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। খবর পেয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিস জৈন্তাপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কূয়ার ভেতর থেকে দু'জনের লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটির ময়না তদস্ত শেষে আইনি প্রক্রিয়ায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.