Sylhet Today 24 PRINT

অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ০৬ মে, ২০১৯

সিলেট নগরীতে অতিরিক্ত দামে মাংস বিক্রির দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ মে) বেলা ১টার দিকে নগরীর ভার্থখলা ও কদমতলী এলাকায় চালানো এই অভিযানে পাঁচটি মুরগি ও মাংস বিক্রির দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

তিনি জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভার্থখলা ও কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে মুরগি ও মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় পাঁচটি দোকানকে জরিমানা করা হয়।

মঈনুল হোসেন চৌধুরী আরো জানান, ভার্থখলার আরিফ পোল্ট্রিকে দুই হাজার টাকা, কবির পোল্ট্রিকে দুই হাজার টাকা, তিন ভাই গরুর মাংসের দোকানকে তিন হাজার টাকা ও জালাল উদ্দিনের মাংসের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরেকটি পোলট্রিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, নগরীর বেশ কয়েকটি স্থানে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান চালাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.