বড়লেখা প্রতিনিধি | ০৭ মে, ২০১৯
মাতৃগর্ভে থাকা অবস্থায় শিশুর জীবনের হিসাব শুরু হয়। ভূমিষ্ট হওয়ার পূর্ব থেকেই তার বিকাশ ঘটতে থাকে। এ সময় মায়ের প্রতি পরিবারের সকলের বিশেষ যত্ন নিতে হয়। সরকারী চাকুরিজীবিদের ঘন ঘন বদলির কারণে শিশুর বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয়।
বড়লেখায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মৌলভীবাজার জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন আয়োজিত ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। রিসোর্স পার্সন ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার। উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, আজির উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার সৈয়দ লুৎফুর রহমান প্রমুখ।