Sylhet Today 24 PRINT

রাস্তা সংকুচিত করে ব্যবসা করা অপরাধ: মেয়র আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৯

রমজানের পবিত্রতা রক্ষা, যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলদারমুক্ত করতে বৃহস্পতিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

বৃহস্পতিবার (৯ মে) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে ইফতারী সহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করার অপরাধে বিপূল পরিমান মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।

অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত সাংবাদিকদের জানান, জনগনের  চলাচলের রাস্তা সংকুচিত করে ব্যবসা করা অপরাধ। যারা এই নিকৃষ্ট কাজ করে মানুষকে কষ্ট দেয়, তারা মানবতার শত্রু উল্লেখ করে মেয়র বলেন, ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহের গুরুত্ব ইসলামে অনস্বীকার্য। সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে বৈধ ভাবে ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতে ইসলাম বিশেষভাবে উৎসাহিত করেছে।

তিনি বলেন, জীবিকা নির্বাহের প্রয়োজনে মানুষকে উপার্জনের নানাবিধ পথ বেছে নিতে হয়। রাস্তা সংকোচিত করে মানুষকে কষ্ট দিয়ে উপার্যন হালাল হবে না। তিনি বলেন, ইসলামের দিকনির্দেশনা হ’ল হালাল পথে জীবিকা উপার্জন করা। তাই জনগনের চলাচলের রাস্তা ছেড়ে নির্দিষ্ট স্থানে ব্যবসা করতে হকার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

অভিযানে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার এলাকার মার্কেট, বিপনী বিতান ও  বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.