Sylhet Today 24 PRINT

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে খাদিমনগরে সড়ক অবরোধ

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৯

ঘন ঘন লোডশেডিংয়ে প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সিলেটের সদর উপজেলার খাদিমনগরে বিভিন্ন সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ মে) বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। প্রায় এক ঘন্টা পর সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর নালিয়া পয়েন্ট, ভাটা, বিমানবন্দর সড়ক, উপরপাড়া, আখালিয়া নয়াবাজারসহ কয়েকটি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এর ফলে এসব এলাকায় অসংখ্য যানবাহন আটকা পড়ে।

বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন জানান, রমজান মাস আসার আগ থেকেই অবিরাম লোডশেডিং হচ্ছে। সেহরি ও তারাবিহ'র নামাজের সময় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। গত দুইদিন মোমবাতি জ্বালিয়ে সেহরি সেরেছেন তারা।

বিক্ষোভকারীরা সহনীয় পর্যায়ে লোডশেডিং এবং সেহরি ও তারাবিহ'র নামাজের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা গোয়াবাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষের একটি গাড়ি আটকে রাখেন। এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.