Sylhet Today 24 PRINT

সিলেটে অবৈধ ট্রাভেলসের বিরুদ্ধে অভিযানে প্রশাসন, ৮ জনকে দণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মে, ২০১৯

সিলেটে লাইসেন্সবিহীন অবৈধ ট্রাভেলস এজেন্সিগুলোতে অভিযানে নেমেছে প্রশাসন।

সোমবার (১৩ মে) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট ৫টি টিম নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ট্রাভেলস এজেন্সিগুলোতে অভিযান পরিচালনা করে।

এ সময় বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ার ও সুরমা মার্কেটে এবং জিন্দাবাজার এলাকার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি, রাজা ম্যানশন এলাকার অবৈধ ট্রাভেলস এজেন্সিগুলোতে অভিযান চালিয়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও মো. হেলাল চৌধুরী জানান, মানবপাচার বন্ধে জেলা প্রশাসকের নির্দেশে লাইন্সেস-নিবন্ধনবিহীন ট্রাভেলসগুলোতে অভিযান চালানো হচ্ছে। যতদিন পর্যন্ত এগুলো পুরোপুরি বন্ধ না হবে ততদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

অভিযানে উপস্থিত ছিলেন আটাব সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল।

প্রসঙ্গত, ৯ মে বৃহস্পতিবার দালালদের মাধ্যমে সাগর পথে ইতালি প্রবেশ করতে গিয়ে ট্রলারডুবিতে প্রাণ হারান সিলেটের বেশ কয়েকজন। এর মধ্যে ৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তাদেরকে ইতালি পাঠানোর জন্য ৮ লাখ টাকার চুক্তি করেছিলেন রাজা ম্যানশনের ইয়াহিয়া ওভারসিজ নামক এজেন্সির মালিক এনামুল হক। এ ঘটনার পরই অবৈধ ট্রাভেলসের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.