Sylhet Today 24 PRINT

ভূমধ্যসাগরে নৌকাডুবি: গোলাপগঞ্জের আরেক যুবক নিখোঁজ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৪ মে, ২০১৯

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় গোলাপগঞ্জ উপজেলার আবুল কাসেম (২২) নামের আরেক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি উপজেলার বাঘা ইউনিয়নের উত্তর গোলাপনগর গ্রামের প্রয়াত মসব আলীর ছোট ছেলে।

আবুল কাসেমের বড় ভাই আনা মিয়া তার ভাইয়ের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ভাই আবুল কাসেমও সম্ভবত ডুবে যাওয়া নৌকার মধ্যে ছিল। তার সঠিক কোন খবর এখনো পাচ্ছি না।

তাকে নিয়ে পরিবারের সদস্যরা শঙ্কায় রয়েছেন বলে তিনি জানান।

এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নৌকাডুবিতে নিহত ২৭ বাংলাদেশির যে তালিকা প্রকাশ করেছে তার মধ্যে আবুল কাসেমেরও নাম রয়েছে।

জীবিত ৪ বাংলাদেশি নাগরিকের সঙ্গে ফোনালাপের মাধ্যমে পাওয়া তথ্যে তারা নিহতদের পরিচয় নিশ্চিত করেছে বলে জানা যায়।

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত গোলাপগঞ্জের দুই তরুণের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুর গ্রামের ইয়াকুব আলীর ছোট ছেলে কামরান আহমদ মারুফ (২২) ও একই উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের প্রয়াত রফিক মিয়ার ছেলে আফজল মাহমুদ (২৫)।

প্রসঙ্গত, ৯ মে বৃহস্পতিবার সকালে ভূমধ্যসাগরের তিউনিসিয়া সমুদ্র উপকূলে শতাধিক অভিবাসী বহন করা নৌকাটি ডুবে গেলে প্রায় ৬০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.