Sylhet Today 24 PRINT

প্রেমের প্রলোভনে তরুণী ‘ধর্ষণ’, কথিত প্রেমিক গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি |  ২২ মে, ২০১৯

প্রেমের প্রলোভনে ফেলে ১৯ বছরের এক তরুণীকে বেড়াতে নিয়ে গিয়ে পাহাড়ি নির্জন স্থানে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় কথিত প্রেমিক কামাল মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ মে) ধর্ষিতা নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (মামলা নং ৩৭/১৯) দায়ের করেন।

কামাল উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের ছিকন্দর আলীর ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের ফাঁদে ফেলে ২১ মে মঙ্গলবার বিকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া এলাকার একটি পাহাড়ে নির্জন স্থানে ওই তরুণীকে নিয়ে যায় কথিত প্রেমিক কামাল। এ সময় কামাল ওই তরুণীর আপত্তি স্বত্বেও জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যার পর কুলাউড়া থানার এসআই বাদল তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন।

জিজ্ঞাসাবাদে কামাল ওই তরুণীকে প্রেমের প্রলোভনে ফেলে জোরপূর্বক ধর্ষণের কথা স্বীকার করেন।

পরে ওই তরুণী বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও গ্রেপ্তারকৃত কামালকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.