Sylhet Today 24 PRINT

প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৭ মে, ২০১৯

সিলেটের বিশ্বনাথের পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বড় অঙ্কের টাকার বিনিময়ে নৈশপ্রহরী নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হেকিম উদ্দিনের উপর।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলা হয়, পালেরচক গ্রামের দুইজন প্রার্থীকে বাদ দিয়ে বড় অঙ্কের টাকার বিনিময়ে প্রধান শিক্ষক হেকিম উদ্দিনের গ্রাম রামপাশা থেকে সুনুল হক নামের একজনকে নৈশপ্রহরী পদে নিয়োগ দিয়েছেন তিনি। এছাড়া এলাকায় একক আধিপত্য বিস্তারের কারণে ম্যানেজিং কমিটির সদস্যদের হাতে নিয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম করে যাচ্ছেন।

এমন অভিযোগ এনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে করেছেন এলাকাবাসী। বিশ্বনাথ প্রেসক্লাবে সংবাদ-সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাব্বি আহমদ রবিন।

বক্তব্যে তিনি বলেন, "প্রধান শিক্ষক হেকিম উদ্দিন নিজের দুর্নীতি আড়াল করতে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এমনকি তার বিরুদ্ধে কথা বলা মানুষদের মামলার ভয়ভীতি দেখিয়ে আসছেন তিনি।" এলাকাবাসী এই নিয়োগ প্রক্রিয়া স্থগিতসহ তদন্তপূর্বক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। এর আগে তারা গত ১২ মে ইউএনও ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবরে স্মারকলিপিও দিয়েছেন বলে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল মিয়া কোন মন্তব্য করতে রাজি না হলেও প্রধান শিক্ষক হেকিম উদ্দিন বলেছেন, "কোন অনিয়ম করা হয়নি, বিধিসম্মতই নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জামাল মিয়া বলেছেন, "প্রধান শিক্ষক হেকিম উদ্দিন ম্যানেজিং কমিটিকে নিয়ে এক লাখ টাকার বিনিময়ে নিজের লোককে ওই পদে নিয়োগ দিয়েছেন।"

সংবাদ-সম্মেলনে উপস্থিত ছিলেন পালেরচক এলাকার বাসিন্দা মছব্বির আলী, চেরাগ আলী, পালেরচক সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি আনোয়ার হোসেন, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মইনুল হক, তারেকুজ্জামান, আবদুল করিম, শফিকুর রহমান, আবদুস সামাদ, রেজাউল ইসলাম, সুমন আহমদ, রিপন আহমদ, সাহাব উদ্দিন প্রমুখ।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দদের মধ্যে প্রেসক্লাব সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলসহ সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, যুগ্ম- সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, কার্যনির্বাহী সদস্য কামাল মুন্না, আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.