Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরব যাচ্ছেন আসাদ উদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মে, ২০১৯

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে সৌদি আরব যাচ্ছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

শুক্রবার (৩১ মে) সকালে সরকারী এ সফরে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

এ সফরকারী দলে অন্তর্ভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আসাদ উদ্দিন আহমদ। একই সাথে সফর সফলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মী ও সিলেটবাসীর দোয়া কামনা করেছেন তিনি।

প্রধানমন্ত্রী জাপান থেকে ৩১ মে সৌদি আরবের জেদ্দায় যাবেন। আর সফরকারী দল সরাসরি ঢাকা থেকে জেদ্দায় প্রধানমন্ত্রীর সাথে যোগ দেবেন।

সৌদি আরবে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশ নেয়া শেষে প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন। সৌদি আরব থেকে ঈদ করতে ব্যক্তিগত সফরে ফিনল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী। আর ৪ জুন দেশে ফিরে আসবেন এ সফরকারীদলের সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.