Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সাত দিনে তিনটি শঙ্খিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৮ মে, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাত দিনের ব্যবধানে তিনটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সর্বশেষ সোমবার (২৭ মে) রাতে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকা থেকে একটি দীর্ঘকায় শঙ্খিনী সাপ উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

এর আগে গত সোমবার ২০ মে উপজেলার ভাড়াউড়া চা বাগানের বধ্যভূমি এলাকা থেকে বিশালাকৃতির একটি ‘শঙ্খিনী’ সাপ উদ্ধার করা হয়েছিল।এছাড়া গত ২৩ মে শ্রীমঙ্গল চৌমোহনার একটি মার্কেট থেকে আরেকটি বেত আচড়া সাপ উদ্ধার করা হয়৷

সোমবার ৮টার দিকে শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি সাড়ে ৬ ফুট লম্বা বলে জানিয়েছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারা।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, শঙ্খিনী সাপটিকে ঘরের ভেতরে দেখতে পেয়ে বাসার মানুষ আমাদের খবর দিলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। সাপটি পুরোপুরি সুস্থ আছে। আমরা শিঘ্রই সাপটি অবমুক্ত করে দেবো। বনের পরিবেশ নষ্ট হওয়ার কারনে সাপসহ বিভিন্ন প্রানী প্রায়ই বন ছেড়ে লোকালয়ের কাছাকাছি চলে আসে। এ জন্য বনের পরিবেশ রক্ষা করতে হবে সবাই মিলে।

শঙ্খিনীর অন্য বাংলানাম ‘ডোরা শঙ্খিনী’ বা ‘ডোরা কাল-কেউটে’। ইংরেজি নাম Banded Krait এবং বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus। এরা এক প্রকারের বিষধর সাপ। এদের প্রধান খাবার মূলত ছোট প্রজাতির সাপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.