Sylhet Today 24 PRINT

ব্রিটেন-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস হাই কমিশনারের

সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মে, ২০১৯

ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বাণিজ্য সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, রপ্তানি সহজীকরণ, বাংলাদেশীদের জন্য ভিসা প্রাপ্তি সহজীকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিক্সন।

মঙ্গলবার (২৮ মে) বিকাল ৫টায় সিলেটের একটি হোটেলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এমন আশ্বাস প্রদান করেন তিনি।

সভায় ব্রিটিশ হাই কমিশনার চেম্বার নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে সিলেটের সাথে লন্ডনের সম্পর্ক অত্যন্ত গভীর। ব্রিটিশ সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট সহযোগিতা প্রদান করে থাকে। তাছাড়া বাংলাদেশীরাও ব্রিটেনের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সভায় সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক খন্দকার সিপার আহমদ ব্রিটিশ হাই কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটের একটি বিশাল জনগোষ্ঠী ব্রিটেনে অবস্থান করছেন। যারা ব্রিটেনের সাথে বাংলাদেশের একটি সেতুবন্ধন তৈরি করেছেন। এসময় তিনি বাংলাদেশ থেকে ব্রিটেনে দক্ষ কর্মী ও শেফ নিয়োগ, স্টুডেন্ট ভিসা সহজীকরণ এবং সাইট্রাস জাতীয় ফলমূল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানান।

তিনি ভিএফএস অফিসে আবেদনকারীদের সুবিধার্থে পজ মেশিনের মাধ্যমে ফি পরিশোধের ব্যবস্থা করা ও পাসপোর্ট রিটার্ন গ্রহণের জন্য এসএমএস প্রেরণের ক্ষেত্রে তারিখ ও সময় উল্লেখ করার অনুরোধ জানান।

এছাড়াও তিনি সিলেটের পর্যটন খাতে বিশেষ করে পিপিপি’র আওতায় ‘সিলেট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্যুরিজম কমপ্লেক্স’ এ বিনিয়োগের জন্য ব্রিটেনের বিনিয়োগকারীদের আহবান জানান ও সিলেটের আইটি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরাসরি বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড এর প্রধান ডেরেক গ্রিফিথ্স, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট অফিসার দেলোয়ার হোসেন, সিলেট চেম্বারের সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. হিজকিল গুলজার, পিন্টু চক্রবর্তী, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, মো. আব্দুর রহমান (জামিল), মো. আতিক হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.